বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর নাছির ও মীর হেলালকে আইনী অধিকার ফিরিয়ে দিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান আজ ২৬ নভেম্বর মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ১/১১’র সরকার কর্তৃক বহু রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। আওয়ামী সরকার তাদের কর্মী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকল মামলা প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু আফসোস রাজনীতির প্রতিহিংসায় সম্প্রতি বিএনপি নেতা ও বিশিষ্ট আইনজীবী মীর নাছির উদ্দিন ও মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা চালিয়ে যাওয়া হয়েছে।
তিনি প্রহসনমূলক এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হামলা-মামলা দিয়ে দেশপ্রেমিক জনগণকে বন্দী রাখতে পারবেন না। মনে রাখবেন ক্ষমতা কারো জন্যই চিরস্থায়ী নয়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, দেশের মানুষের প্রতি ভালবাসা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন। নতুবা আইনের বেড়াজালে আপনিও বিপথগামী হবেন।
তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মীর নাছির ও মীর হেলালসহ সকল রাজনৈতিক নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে এ মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মো. আনাছ।
