নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই, স্বাধীন ভাবে কথা বলার অধিকার নেই। গণতন্ত্রকে কারারুদ্ধ করা হয়েছে। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে বলেন, এটা ইভিএম নয়, এটা ইলেকশন বানচাল মেশিন। ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করলে আমাদের কোন ডকুমেন্ট প্রদান করা হবে কি না তার কোন নিশ্চয়তা নেই। উদাহারণস্বরূপ আফগানদের উদ্ধৃতি দিয়ে বলেন, যে তাদেরকে পরপর তিনবার রাষ্ট্র দখলের জন্য ইংরেজরা চেষ্টা করলেও আফগানদের ঐক্য থাকার কারণে তারা দখল করতে ব্যর্থ হয়। এমতাবস্থায় আমাদেরকেও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা একসঙ্গে অনেকদিন কারারুদ্ধ ছিলাম এবং ডাকসু নির্বাচনে তার শুভাকাঙ্খীরা আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে বললেও আমাকে সমর্থন করে তিনি ডাকসু ভিপি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, শীঘ্রই আন্দোলনের ডাক আসবে। লড়তে হবে, প্রস্তুত থাকুন।
জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, দেশ ধর্ষণ, দুর্নীতির রোল মডেল। দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করি। এসময় তিনি সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
‘৫ জানুয়ারি বিজিবি’র গুলিতে যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হান স্মরণে’ যুব জাগপা’র উদ্যোগে আজ শুক্রবার ২৪ জানুয়ারি ২০২০ সকাল ১০.০০টায় ‘গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিদ্রোহ’ শীর্ষক আলোচনা সভাটি জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব জাগপা সভাপতি আরিফুল হক তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাছ, মানিক সরকার, যুব জাগপা সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সিরাজ, সহ সভাপতি মাহিদুর রহমান বাবলা, যুব জাগপা ঢাকা মহানগরের সদস্য সচিব নাসির উদ্দিন নিশাত, বিপুল সরকার, জাগপা ছাত্রলীগ ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আমীর হোসেন আমু, আবু জাফর প্রমুখ।
