বিতর্কিত, দুর্নীতিবাজ ও নিষ্ক্রিয় নেতারা বাদ পড়বে! এবারের জাগপা নির্বাহী কমিটি হবে নবীন ও প্রবীণের সমন্বয়ে – রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন “আসন্ন ৬ ডিসেম্বর জাগপা’র জাতীয় সম্মেলনে বিতর্কিত, দুর্নীতিবাজ ও নিষ্ক্রিয় নেতারা বাদ পরবেন। নিষ্ক্রিয় বড় নেতাদের দিয়ে কাগজে কলমে দল ভারী করার প্রয়োজন নাই, শো-পিস নেতা চাইনা রাজপথ ও জনগণের নেতা চাই। ১৯৭৪ এর দুর্নীতি বিরোধী সংগ্রামের মহানায়ক শফিউল আলম প্রধানের হাতে জাগপা’র জন্ম, সেই জাগপায় আমরা কোন দুর্নীতিবাজ নেতাকে দেখতে চাইনা। দল করতে হলে দলের আদর্শ, নিয়ম ও সিদ্ধান্ত মেনে চলতে হবে, এটা দলের সকল সদস্যর জন্য প্রযোজ্য। অতয়েব দলের নিয়ম ও সিদ্ধান্ত যারা মানেনা, দলীয় আদর্শবিরোধী কাজে লিপ্ত, জাগপা’র পদ নিয়ে সরকার বা অন্য দলের এজেন্ডা বাস্তবায়নে যারা লিপ্ত সেই সব বিতর্কিত নেতারা এবার বাদ পরবেন। এবারের জাগপা নির্বাহী কমিটি হবে তৃনমূলের ত্যাগী ও যোগ্য নেতাদের নিয়ে।”

রাশেদ প্রধান আরও বলেন, নারী নেত্রীদের গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আমরা এবার জাগপা নির্বাহী কমিটিতে ৩৫% নারী নেতৃত্ব নিয়ে আসবো ইনশাআল্লাহ্। প্রবীণ নেতাদের অভিজ্ঞতা সাথে নবীন নেতাদের আত্মবিশ্বাস আমাদের প্রয়োজন। তাই এবারের কমিটি নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত হবে। ১৯৮০ সালের ৬ এপ্রিল জাগপা প্রতিষ্ঠার পর ৩৯ বছর পেরিয়ে গেছে। জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা শফিউল আলম প্রধান ও জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানকে ছাড়াই এই প্রথমবারের মত আমরা জাতীয় সম্মেলন করতে যাচ্ছি। এই শোককে আমরা শক্তিতে রূপান্তর করবো ইনশাআল্লাহ্।

তিনি আজ বুধবার সকাল ১১ টায় আসাদগেট দলীয় কার্যালয়ে জাগপা’র জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যদের সাথে আলোচনায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আসাদুর রহমান খানের পরিচালনায় বক্তব্য রাখেন আবু মোজাফ্ফর মোঃআনাছ, মোঃ হাসমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, ইনসান আলম আক্কাস, সৈয়দ শফিকুল ইসলাম, মানিক সরকার প্রমূখ।