মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অবিভক্ত ঢাকার অন্যতম রূপকার ও মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা নিউ ইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত খোকা গত পাঁচ বছর ধরেই নিউ ইয়র্কে অবস্থান করছিলেন। গত ১৮ অক্টোবর থেকে তিনি ভর্তি ছিলেন ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান বিএনপি’র ভাইস চেয়ারম্যান খোকার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, দেশের স্বাধীনতার উষালগ্ন থেকে সর্বশেষ অবিভক্ত ঢাকার মেয়র থাকা পর্যন্ত তার প্রতিনিধিত্ব ছিল একজন উঁচুমানের সফল মানুষ হিসেবে। তিনি দেশকে স্বাধীনতা উপহার দিয়ে পাশাপাশি রাজনীতির অন্তরায় ঢাকার জনগনের জন্য অসামান্য অবদান রেখে গেছেন। তার এভাবে চলে যাওয়ায় দেশ, জাতি ও রাজনীতিক কর্মীদের মধ্যে বড় ক্ষতের সৃষ্টি হয়েছে যা সহজে পুরণ হবার নয়।
