২২ নভেম্বর জাগপা’র জাতীয় সম্মেলন

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় কমিটির তিন বছরের মেয়াদ পূর্তিতে আগামী ২২ নভেম্বর “জাতীয় কাউন্সিল” করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুক্রবার আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা’র সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান এর সভাপতিত্বে বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাগপা’র জাতীয় কাউন্সিল হয় তিন বছর পর পর। ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছিলেন জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান। ২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধান ইন্তেকাল করলে দলের সভাপতির দায়িত্ব পায় অধ্যাপিকা রেহানা প্রধান। ২০১৮ সালের ২২ অক্টোবর জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান ইন্তেকাল করলে দলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

জাগপা’র মুখপাত্র ও কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা শফিউল আলম প্রধানকে ছাড়া এই প্রথমবারের মত জাগপা’র জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার। আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই।

রাশেদ প্রধান আরও বলেন, সংগঠনের জাতীয় কাউন্সিলের প্রস্তুতিকে সামনে রেখে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ টি বিভাগীয় উপ-কমিটি  গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ৮ টি বিভাগীয় উপ-কমিটি বাংলাদেশের ৮ টি বিভাগের সাংগঠনিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও গতিশীল করবে। একই সাথে এই ৮ টি বিভাগীয় উপ-কমিটি বিভিন্ন জেলার মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোর আহবায়ক অথবা পূর্ণাঙ্গ কমিটি গঠনে কাজ করবে। এছাড়াও কাউন্সিলকে সফল করার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটি ও ৭টি উপ কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।