দুর্নীতি প্রতিরোধ দিবসের আলোচনা সভা – ‘দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীর চেয়ে রাখাল বালক হওয়া সম্মানের’

দুর্নীতি প্রতিরোধ দিবসের আলোচনা সভা – ‘দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীর চেয়ে রাখাল বালক হওয়া সম্মানের’

দেশের দুর্নীতি বাংলার মাটি ভেদ করে স্যাটেলাইটের মাধ্যমে আকাশ সীমানায় পৌঁছেছে উল্লেখ করে জাগপা’র সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দুর্নীতির মহাপ্রলয় ভাংতেই ১৯৭৪ সালের ৩০ মার্চ মজলুম জননেতা মরহুম শফিউল আলম প্রধান আওয়ামী সরকারের বিরুদ্ধে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করেছিলেন। তারই ধারাবাহিকতায় ১/১১’র সুড়ঙ্গ পথ ধরেই দুর্নীতির ছায়া সরকার দেশকে আবারো তলাবিহীন ঝুড়ির জায়গায় দাঁড় করিয়েছে। দেশের হাজার কোটি টাকা পাচার ও লুটপাট জায়েজ করতেই কোটি টাকা খরচ করে সুফিয়া নামে পুতুল নাচ বাংলার মানুষকে দেখানো হয়েছে। সুতরাং সোনার বাংলা আজ শ্মশানখানা।

তিনি বলেন, নিমতলী-চকবাজার ও বনানীর আগুনে পোড়া মানুষের আর্তচিৎকার বিশ্ব শুনলেও দুর্নীতিবাজ শাসকের কানে পৌঁছায়নি। আফসোস উন্নয়নের আওয়াজ তুলে সাফাই গাওয়া হয়েছে। কিন্তু আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কাছে পর্যাপ্ত ব্যবস্থা না থাকাই প্রমাণ করে রাষ্ট্রের সকল স্তরে দুর্নীতির মহাপ্রলয় গড়ে উঠেছে। সুতরাং। দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীর চেয়ে রাখাল বালক হওয়া অনেক বেশী সম্মানের।

তিনি আরো বলেন, বাংলার মানুষকে এভাবে আগুন ও বুলেটে নিক্ষেপ করবেন না। দেশবাসীর জিজ্ঞাসা কেন আগুন আগুন খেলা হচ্ছে। কোন ষড়যন্ত্রের শিকার হচ্ছে বাংলার জনগন? তিনি আজ বিকাল ৩.৩০টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে যুব জাগপা আয়োজিত দুর্নীতি প্রতিরোধ দিবস ও আজকের প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি আরিফুল হক তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাছ, যুব জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সিরাজ, যুবনেতা মোহাম্মদ আলী, বিপুল সরকার, সাহাবুদ্দিন সাবু, ইসহাক মীর প্রমুখ।

আবু মোজাফফর মো. আনাছ বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্দলীয় সরকারের ব্যবস্থা করুন। নির্বাচন দিন, অন্যথায় এবার চুড়ান্ত পতনের স্বীকৃতি দেওয়া হবে।