বাকশালের প্রতিধ্বনি প্রতিরোধ করবে জনগণ – জাগপা

স্বাধীনতার ৪৭ বছর পর আবারও আওয়ামী শাসকের মুখে বাকশালের কু-কীর্তির বাণী শুনতে হচ্ছে উল্লেখ করে জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘দেশের জনগণ গত ১০ বছরে গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে হারিয়েছে। মা-বাবা তার সন্তান হারিয়েছে। সন্তান তার বাবাকে হারিয়েছে। সুতরাং বাকশালের আওয়াজ তুলবেন না। জনগণ বাকশালের আলামত দেখার আগেই জালিমশাহীকে কেয়ামত দেখিয়ে দিবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘জালীমশাহী আদালতের উপর নগ্ন হস্তক্ষেপ চালাচ্ছে নতুবা আদালতের নির্দেশ থাকার পরেও খালেদা জিয়াকে সুচিকিৎসা কেন দেয়া হচ্ছে না?’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের মনে রাখা ভাল, খালেদা জিয়াকে কারাভোগের যন্ত্রণা তাদেরও ভুগতে হবে। সুতরাং সাধু সাবধান। খালেদা জিয়াকে মুক্তি দিন নতুবা গণঅভ্যুত্থান অনিবার্য।’

তিনি শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে বলেন, ‘স্বাধীনতার মাসে বাংলা মানুষ আজ অসহায়।  অভাবের তাড়নায় মুক্তিযোদ্ধাদেরও আত্মহত্যা করতে হয়েছে। আজ আমাদেরকে নির্লজ্জ জাতির দায় নিতে হলো।’

প্রধান বক্তার বক্তব্যে আবু মোজাফ্ফর মোঃ আনাছ বলেন, ‘দেশের অর্থনীতিকে ধ্বংস করতেই গ্যাসের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্র  হচ্ছে। সুতরাং নগ্ন খেলা বন্ধ করুন।’

রাশেদ প্রধান আজ বিকাল ৪ টায় আসাদ গেইট জিইউপি মিলনায়তনে যুব জাগপা আয়োজিত  ২৩ মার্চ পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার পতাকা উত্তোলক শফিউল আলম প্রধান ও ইতিহাসের ইতিহাস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি আরিফুল হক তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল  হোসেন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সহ সভাপতি শ্যামল চন্দ্র সরকার, নগর সাধারণ সম্পাদক আমীর হোসেন আমু প্রমুখ।