জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শোক প্রকাশ করেছেন জাগপা’র বর্তমান সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, শফিউল আলম প্রধান সারাজীবন আধিপত্যবাদ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে রাজপথে লড়াই করেছেন। তিনি গণতন্ত্র রক্ষার আন্দোলনে কোনদিন আপোস করেন নাই। আর তাই জীবনে ২৭ বার কারাবরণ করতে হয়েছে তাকে। কীর্তিমান মানুষরা কখনো মৃত্যুবরণ করেন না, তারা চির অমর হয়ে থাকেন। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মরহুম শফিউল আলম প্রধান সেরকমই একজন।
তিনি আরো বলেন, আজকের এই দুর্দিনে তার মত বিদ্রোহী কণ্ঠস্বর জাতির জন্য বড়ই প্রয়োজন ছিল। আমাদের এই ক্রান্তিলগ্নে প্রধানের মতোন নেতৃত্ব প্রদানকারীর অভাব দেশের প্রতিটি মেহনতী জনতা অনুভব করছে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন।
এদিকে শফিউল আলম প্রধান এর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন এর নেতৃত্বে জাগপা প্রতিনিধি দল বনানী করবস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও জাগপা’র সকল সাংগঠনিক জেলায় স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
