আমরা মাথা নত করতে শিখি নাই! ভাষা শহীদদের স্মরণে ব্যারিস্টার তাসমিয়া প্রধান

ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, অমর একুশের রক্তঝরা আন্দোলন আমাদের সাহস ও প্রেরণা দিয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করার| ৫২ এর ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বিশ্বাস অর্জন করেছিলাম বাংলার মানুষদের উপরে জোর করে কোন কিছু চাপিয়ে দেওয়া যাবে না| বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে| তাই ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বিজ বপন হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার| ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারানো সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা সকল শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি|

ব্যারিস্টার তাসমিয়া প্রধান আরও বলেন, ভাষা শহীদদের শুধু স্মরণ করলে হবেনা তাদের থেকে শিক্ষা নিতে হবে| তাদের মতই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে| আমাদের ভাষাকে আমাদের নিজেদের অন্তরে ধারণ করতে হবে| ভুলে গেলে চলবেনা আমরা সেই বীরের জাত, আমরা মায়ের মুখের ভাষার জন্য রক্ত দিতে জানি| আমরা মাথা নত করতে শিখি নাই|

আজ ২১ ফেব্রুয়ারি জিইউপি মিলনায়তনে, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাগপা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন| জাগপা ছাত্রলীগ ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মীর আমির হোসেন আমুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাছ, মানিক সরকার, যুব জাগপা নেতা মীর ইসহাক, প্রকৌশলী সিরাজ, বিপুল সরকার, মোনোয়ার, জাগপা ছাত্রলীগ আহমেদ সুফী, প্রমুখ।

দিকে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বে জাগপা’র র‍্যালি ও জাগপা’র সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এর নেতৃত্বে জাগপা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে|