জাগপা সহ-সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ঢাকার ২ সিটি করপোরেশনর ভোট যেমন হওয়ার কথা তেমনই হয়েছে। এখানে অবাক হওয়ার কিছুই নাই, দুঃখ পাওয়ারও কিছু নাই। জাতীয় নির্বাচনে সারা রাত ধরে কেন্দ্র দখল করে ভোট চুরি করা হয়েছিল আর তার ফলাফল আমাদের সবার জানা। সেই একই সরকার ও একই ইসির অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এটা দেশের মানুষ বিশ্বাস করেনা। ভোটের তামাশা আধুনিকায়তন হয়েছে, জাতীয় নির্বাচনে ভোট চুরি হয়েছিল আর ঢাকা নির্বাচনের ভোট ডিজিটাল ডাকাতি হয়ে গেল। জাতীয় নির্বাচনে ম্যানুয়াল সিস্টেমে ভোট চুরি হয়েছিল দেখে ভোটের ব্যবধান ছিল মাত্রাতিরিক্ত, যা নিয়ে সরকারও বিব্রত হয়েছিল দেশে বিদেশে। ডিজিটাল ডাকাতির সুবিধা এটাই, ভোটের ব্যবধান আগেই ঠিক করা যায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট দেখানো যায়, বিব্রত হতে হয়না।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের পর জাগপা কার্যালয়ে এক তাৎক্ষনিক মন্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, আমি জানিনা এই নির্বাচন নিয়ে কার মনে কি স্বপ্ন ছিল বা আশা ছিল, তবে এই নির্বাচনের ফলাফল দেশবাসী আগে থেকেই জানে। ভোটারদের উপস্থিতির মাধ্যমেই তার প্রমাণ মিলেছে। এই ভোটের ফলাফল নিয়ে দেশবাসীর মধ্যে কোন উত্তেজনা নাই, বরং সরকারদলিয় কর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনা ছিল কে বেশি ব্যবধানে জিতবে? শেখ ফজলে নূর তাপসের নৌকা নাকি আতিকুল ইসলামের নৌকা?
