জাগপা ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যারিস্টার তাসমিয়া প্রধান – জাগপা ছাত্রলীগের ইতিহাস পরাধীনতা ভেঙে স্বাধীনতার ইতিহাস

আজ শনিবার ৪ জানুয়ারি জাগপা ছাত্রলীগের ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, জাগপা ছাত্রলীগের ইতিহাস পরাধীনতা ভেঙ্গে স্বাধীনতার ইতিহাস। ১৯৪৮ সালের ৪ জানুয়ারী জন্ম থেকে শান্তির জ্বলন্ত প্রদীপ ও স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাগপা ছাত্রলীগ। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৬, ৬৯, ৭১’র স্বাধীনতা সংগ্রাম, ৭৪’ দুর্নীতি বিরোধী সংগ্রাম, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন, জাগপা ছাত্রলীগের এক গৌরব উজ্জ্বল ইতিহাস।

তিনি বলেন, জাগপা ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস-ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ৭৪’র দুর্নীতি-দুঃশাসন ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মরহুম শফিউল আলম প্রধান স্বাধীন দেশে প্রথম দুর্নীতিবিরোধী আন্দোলনের সূচনা করেন। তৎকালীন মুজিববাদী শাসকগোষ্ঠির দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে ক্ষমতার দম্ভকে চুরমার করে দেন। শাসকগোষ্ঠির দুঃশাসন, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে লড়তে গিয়ে শফিউল আলম প্রধান কারাবরণ করেন। ভয়-ভীতিকে উপেক্ষা করে মজলুম মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমৃত্যু লড়াই করে গেছেন শফিউল আলম প্রধান। জাগপা ছাত্রলীগের আজ ৭২তম প্রতষ্ঠাবার্ষিকীতে এই মহান মজলুম নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।

ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, আজ দুঃখের সাথে বলতে হচ্ছে স্বাধীনতার ৪৯ বছর পরেও মজলুম মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। শাসকেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য ক্ষমতাকে পুঁজিবাদের ন্যায় পতিষ্ঠিত করেছেন। তদরুপ ৩০ ডিসেম্বর ভোটচুরির নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতার সোনালী স্বপ্নের সকল ইতিহাস বাকশালের খাঁচায় বন্দী। গণতন্ত্রের জন্য মজলুম মানুষের আর্তচিৎকার। বাংলার মাটি রক্তে লাল। গণতন্ত্রের আরেকটি রক্তাক্ত ইতিহাস লাশ আর লাশ।

তিনি ছাত্র-জনতাসহ দেশপেমিক জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের কর্মসূচিকে সফল করার জন্য প্রস্তুতি নেবার আহ্বান জানান।

তিনি আজ সকাল ১০টায় আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপা ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের সময় এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, জাগপা ছাত্রলীগ নেতা শ্যামল চন্দ্র সরকার, মীর আমির হোসেন আমু, যুব জাগপা সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, ছাত্রনেতা ইব্রাহিম খলিল, মিঠুন চন্দ্র রায়, ছাত্রদল নেতা আমীর হামজাহ্ প্রমুখ।