২২ অক্টোবর জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান এর ১ম মৃত্যু বার্ষিকী!

২০১৮ সালের ২২ অক্টোবর সকাল ৭ঃ৩০ মিনিটে রেহানা প্রধান নিজ বাসভবনে ইন্তেকাল করেন। জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আগামীকাল ২২ অক্টোবর বিকাল ৪ টায় জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান এর কবরে পুষ্পস্তবক অর্পণ করবে জাগপা কেন্দ্রীয় কমিটি, যুব জাগপা কেন্দ্রীয় কমিটি, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, জাগপা মজদুর লীগ কেন্দ্রীয় কমিটি এবং প্রধান স্মৃতি পরিষদ।

দোয়া মাহফিল এর আয়োজন করেছে জাগপা কেন্দ্রীয় কমিটি, পঞ্চগড় জেলা জাগপা, দিনাজপুর জেলা জাগপা, বগুড়া জেলা জাগপা, গাইবান্ধা জেলা জাগপা, চট্টগ্রাম জেলা জাগপা এবং ঝালকাঠি জেলা জাগপা।

এছাড়াও আগামী ২৫ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায়, জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপিকা রেহানা প্রধান এর স্মরণ সভার আয়োজন করেছে প্রধান স্মৃতি পরিষদ।

জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সংক্ষিপ্ত পরিচিতি:

১৯৫৩ সালের ২রা মে, বগুড়া জেলা সদরের মাটিডালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রেহানা। পিতা শহিরউদ্দিন আকন্দ পেশায় ছিলেন ডাক্তার আর মাতা মমিজান নেছা গৃহিনী। ১০ ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ রেহানা ছোটবেলা থেকেই ছিলেন দুরন্ত। শিক্ষা জীবনের শুরু বগুড়ার মাটিডালী উচ্চ বিদ্যালয় থেকে এবং পরবর্তীতে বগুড়া সরকারী মহিলা কলেজ। উচ্চতর ডিগ্রির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

শৈশব থেকেই দেশ ও রাজনীতি নিয়ে ভাবতেন রেহানা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বগুড়ায় প্রথম শহীদ মুক্তিযোদ্ধা রেজাউল করিম ডাবলু, তার বড় ভাইয়ের পুত্র। শহীদ পরিবারের কন্যা রেহানা ১৯৭১-৭২ সালে বগুড়া জেলা ছাত্রলীগের সভানেত্রী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে ১৯৭৩-৭৪ সালে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

১৯৭৪ সালের দুর্নীতি বিরোধী সংগ্রাম, ১৯৮০ সালে জাগপা প্রতিষ্ঠা, ১৯৮১ সালের দহগ্রাম-আঙ্গরপোতা সংগ্রাম, ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১৯৯২ সালের বেরুবাড়ির আন্দোলন, ১৯৯৫ সালে ইয়াসমিন হত্যা আন্দোলন সহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ন অবদান ও ত্যাগ রয়েছে।

রেহানা প্রধান দীর্ঘ ১৩ বছর জাগপার সহ-সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ২১ মে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি, শফিউল আলম প্রধানের ইন্তেকালের পর তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। একই বছরের ২৯ নভেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে রেহানা প্রধান জাগপার সভাপতি নির্বাচিত হন। তিনি তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

রেহানা প্রধান দীর্ঘ সময় লালমাটিয়া মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ছিলেন। তিনি ২০১৪ সালে পবিত্র হজ্জ এবং ২০১৫ সালে ওমরাহ হজ্জ পালন করেন। ২০১৮ সালের ২২ অক্টোবর সকাল ৭ঃ৩০ মিনিটে রেহানা প্রধান নিজ বাসভবনে ইন্তেকাল করেন।