জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা শফিউল আলম প্রধান এর নির্দেশে ১৯৯০ সালের ৬ সেপ্টেম্বর যুব জাগপা প্রতিষ্ঠা করা হয়। যুব জাগপা’র গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় আজ সোমবার।
জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান যুব জাগপা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তায় বলেন, আজকের যুব জাগপা এক দিনে গড়ে উঠে নাই। যুব জাগপা’র ইতিহাস, গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস। আমি গর্বিত কারন বিগত ৩ দশকে যুব জাগপা দেশের প্রয়োজনে আন্দোলন করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় রক্ত দিয়েছে কিন্তু কোন দিন কোন দুর্নীতির সাথে জড়িত হয় নাই। যুব জাগপা’র ৩১ বছরের ইতিহাসে কোন কালিমার দাগ নেই। আমি বিশ্বাস করি দেশের এই ক্রান্তিকালে, গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে যুব জাগপা অগ্রণী ভূমিকা পালন করবে। যুব জাগপা’র ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি সারাদেশের নেতাকর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানাই।
যুব জাগপা’র সভাপতি আরিফুল হক তুহিন এর নেতৃত্বে কেন্দ্রিয় যুব জাগপা আজ সোমবার বিকালে বনানী কবরস্থানে যুব জাগপা’র ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, মজলুম জননেতা শফিউল আলম প্রধান এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন জাগপা’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস, মানিক সরকার, যুব জাগপা’র সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, সহসভাপতি শাহীনুর রহমান শাহীন, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু, দিনাজপুর জেলা জাগপা ছাত্রলীগের আল আমিন প্রমূখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে যুব জাগপা’র সভাপতি আরিফুল হক তুহিন বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব জাগপা ছিল, আছে এবং সব সময় রাজপথে থাকবে। আগামী ১০ই সেপ্টেম্বর, শুক্রবার যুব জাগপা’র ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

