‘বাংলাদেশ এখন পোড়ালাশ আর খুনের বধ্যভূমি’ – প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ব্যারিস্টার তাসমিয়া প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধান ও রেহানা প্রধানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, প্রতিদিন প্রতি ঘন্টায় বাতাসে ভেসে আসে পোড়া লাশ আর খুনের গন্ধ। তিনি বলেন, রাষ্ট্র যখন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে জনগণের নিরাপত্তা থাকে কোথায়? কর্তৃত্বপরায়ন শাসক যখন জনগণ ও বিরোধী মতের উপর জুলুমতন্ত্র ও বাকশাল কায়েম করার চেষ্টায় লিপ্ত তখন দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের কবর রচিত হয়। সুতরাং বিস্তীর্ণ অঞ্চলে এখন অস্বাভাবিক লাশের মিছিলে বাংলাদেশ।

তিনি বলেন, মওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়া, শফিউল আলম প্রধান, মেজর এম.এ জলিলরা ৭১ এ যুদ্ধ করে যে স্বাধীনতা ছিনিয়ে এনেছে সে স্বাধীনতা আজ পরাধীনতার শিকলে বন্দী কেন? কারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই।

তিনি আরো বলেন, জালিমশাহীর কাছে দেশবাসীর কাছে জিজ্ঞাসা টানা ১০ বছরে উন্নয়নের নামে দুর্নীতি আর লুটপাট ছাড়া জনগণ কি পেল? ভোটাধিকার কেড়ে নেওয়া হলো কেন? বারবার গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি হবে কেন? দেশের বেকারত্ব বাড়ছে কেন? সুতরাং দেশের সর্বত্রই এখন দুর্নীতির আগ্রাসন। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাগারে আটকাদেশ প্রসঙ্গে বলেন, বিনা বিচারে তিনবারের প্রধানমন্ত্রীকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, আজাদি পাগল জনগণকে হাইকোর্ট দেখাবার চেষ্টা করবেন না। জনগণই এর শেষ দেখে ছাড়বে ইনশাআল্লাহ।

তিনি আজ শনিবার দুপুর ১২ টায় আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপা’র ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাঁধার পথ ভেঙে দাও: গণতন্ত্র ফিরিয়ে আনো’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাগপা’র সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাছের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগপা’র সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, রকিবউদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, আন্তর্জাতিক সম্পাদক এস.এম শাহাদাত, যুব জাগপা’র কেন্দ্রীয় সভাপতি আরিফুল হক তুহিন, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফারুকী, নগর জাগপা নেতা এনায়েত আহমেদ হালিম, মো. নাসির উদ্দিন, যুব জাগপা ঢাকা মহানগর সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।