দৈনিক সংগ্রাম কার্যালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ। বিবেকহীন শাসক দ্বারাই গণমাধ্যম নৃশংসতম বর্বরতার শিকার – রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র প্রেসিডিয়াম সদস্য ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান জাতীয় দৈনিক সংগ্রাম অফিসে দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গতকাল দৈনিক সংগ্রাম কার্যালয়ে হামলার মাধ্যমে গণমাধ্যমের উপর এক নতুন কালো অধ্যায়ের সূচনা হলো। যা সরাসরি গণতন্ত্রের উপর আক্রমনের সামিল। তিনি বলেন, বিবেকহীন শাসক দ্বারাই গণমাধ্যমের উপর নৃশংসতম বর্বরতা এক নিষ্ঠুর উদাহরণ।

তিনি বলেন, ৭১’র সূচনালগ্ন থেকে অদ্যাবধি জাতিকে মেধা ও সেনাশূন্য করার গভীর চক্রান্তের আঁকা পথে ধাবিত হচ্ছে বাংলাদেশের শাসকগোষ্ঠি। দেশের সর্বাঙ্গে দুর্নীতির ক্ষত ও দুঃশাসনে নিমজ্জিত। দেশ ও জাতিকে এই জালিম শাসক থেকে মুক্ত করার জন্য প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম।

তিনি দৈনিক সংগ্রামের উপর বর্বরোচিত হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি জানান এবং দৈনিক সংগ্রামের সম্পাদক আসাদকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান। তিনি বলেন, গণমাধ্যম বিবেকের কথা বলে, সুশাসনের কথা বলে। সুতরাং এর আঘাত মেনে নিতে পারি না। আমার দেশ, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি সহ সকল বন্ধ গণমাধ্যমকে খুলে দেয়ার আহ্বান জানান।

তিনি আজ শনিবার দুপুরে দৈনিক সংগ্রাম কার্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন। তাঁর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মো. আনাছ, মো. হাসমত উল্লাহ, শেখ জামাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য শওকতুজ্জামান, যুব জাগপা নেতা রিয়াজ রহমান, নাসির উদ্দিন নিশাত প্রমুখ।