শাসক নিজেই জড়িত বলেই দুর্নীতির স্রোতের ওপর বাঁধ দেয়া যাচ্ছেনা এমন মন্তব্য করে জাগপার সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান বলেন – দেশে এখন হচ্ছেটা কি? আছেটাও কি? দীর্ঘ বারো বছরের শাসনে কি পেলাম আমরা? পাট শিল্প খেলো, গার্মেন্টস শিল্প খেলো, শেয়ার বাজারের মহালুট। জালীমশাহী দেশেকে এখন মহা দুর্নীতির প্রকাশ্যে বাজার বানিয়েছে। সুতরাং দেশ ও জনগণের ভাগ্যে আবারো তলাবিহীন ঝুড়ির প্রতিচ্ছবি।
তিনি বলেন, আওয়ামী লীগ এখন মিথ্যাচারের মহাজগতের আবিস্কারক। এরা বাকশালের আওয়াজ তুলে গণতন্ত্রকে ক্ষত-বিক্ষত এক বাংলাদেশে পরিণত করেছে। এদের কোন ক্ষমা হবে না। সুতরাং বাকশালের আওয়াজ প্রতিরোধে জনগণকে প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন দেশের আকাশে কালো মেঘ। পার্বত্য অঞ্চলকে টার্গেট করে রোহিঙ্গা ইস্যু। সিলেট অঞ্চলকে টার্গেট করতেই আসামে এন আরসি’র নব্য খেলা। দেশবাসী হুশিয়ার থাকবেন। সুতরাং এনআরসি ও রোহিঙ্গা ইস্যুতে টার্গেট বাংলাদেশ। তিনি আরো বলেন খালেদা জিয়াকে বন্দি রাখার কারার ঐ চাবি এখন গণভবনে। মুক্তি মিলবে কোথায়? সুতরাং দেশনেত্রীর মুক্তির পথ রুদ্ধ করবেন না।
তিনি আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আসাদ গেট দলীয় কার্যালয়ে জাগপা আয়োজিত “বর্তমান বাংলাদেশ ও করণীয়” শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসমতউল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাছ, সহ সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, আন্তর্জাতিক সম্পাদক এস.এম শাহাদাত, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ফয়েজ, জাগপা মিডিয়া উইং সদস্য নজরুল ইসলাম বাবলু প্রমুখ।
