ঢাকা বিশ্ববিদ্যালয়কে জ্ঞান ও নেতা তৈরীর অভিন্ন জগত উল্লেখ করে জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে তামাশা হলে শিক্ষার্থীদের অধিকারগুলো ভূলুন্ঠিত হবে। সুতরাং শিক্ষার্থীদের স্বপ্ন ও আলোর পথ আঁধারে ঢেকে দিবেন না।
তিনি বলেন, দেশবাসী ৫ জানুয়ারি ও ৩০ ডিসেম্বরের পর আজও উপজেলা নির্বাচনে ভোটারবিহীন নির্বাচনের তামাশা দেখেছে। দিনের শেষে ফলাফল কি হবে জনগণ এখন বুঝে গেছে। এই খেলা আর বেশীদিন চলতে দেওয়া হবে না।
তিনি আরো বলেন, অতীতের নির্বাচনের পথে ডাকসু নির্বাচন হলে ছাত্র-জনতার আন্দোলন ও শাসকের পতন জানান দিয়ে আসবে না। মুহুর্তেই পতনের শব্দ কানে বেজে উঠবে। সুতরাং ডাকসু নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করুন। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ দিন। অন্যথায় এর দায় আপনাদেরকেই নিতে হবে।
তিনি আজ রবিবার বিকাল ৩ টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা ছাত্রলীগ আয়োজিত ডাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফারুকী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সহ সভাপতি শ্যামল চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জীবন আহমেদ, নারায়নগঞ্জ জেলা জাগপা ছাত্রলীগ সভাপতি আবু জাফর, ঢাকা মহানগর জাগপা ছাত্রলীগ সভাপতি ফয়সাল অরণ্য, সাধারণ সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।
