জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র মনোনয়ন বোর্ডের প্রথম সভা গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় আসাদগেট দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জাগপা’র সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফ্ফর মোঃ আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন এবং দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল।
এসময় জোটগত ভাবে নির্বাচনে যাবার সিদ্ধান্তের সাথে একমত হয়ে জানানো হয় বিএনপির কাছে ধানের শীষ প্রতীক নিয়ে ১২ টি আসন চাইবে দলটি। বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান। তিনি আরো বলেন জোটগত ভাবে (পঞ্চগড়-১ ও ২, দিনাজপুর-৩, বগুড়া-১, চট্টগ্রাম-১, ঝালকাঠী-২, যশোর-৫, ঢাকা-৪, গাজীপুর-৫, মাদারীপুর-২, বাগেরহাট-১ ও দিনাজপুর-৫) মোট ১২ টি আসনে নির্বাচন করতে চাই। এছাড়াও জাগপার দলীয় প্রতীক হুক্কা মার্কা নিয়ে কিছু আসনে নির্বাচন করতে চাই। আগামী ২২ তারিখ রোজ বৃহস্পতিবার রাত ৮টায় মনোনয়ন বোর্ডের পরবর্তী সভা শেষে বিস্তারিত জানানো হবে।
