জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র নেতাকর্মীদের শর্তহীন মুক্তির দাবী জানিয়ে জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি ও জাগপার রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা। ঘর থেকে বের হলে ফিরে আসা অনিশ্চিত। মনে হয় কখন যেন হায়নার আক্রমন আঘাত করে বসে। চারদিকে নীরব বিস্ফোরণ হওয়ার আশঙ্কা হচ্ছে। একটি স্বাধীন দেশ এভাবে চলতে পারে না।
তিনি বলেন স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে কথা বলার অপরাধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। জাগপা’র নেতাকর্মীরাও কারাগারে। জাগপা নেতাদের বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা। নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন আর নির্বাচনের পরেও হামলা মামলা চলছে। দেশবাসীর জিজ্ঞাসা দেশে হচ্ছেটা কি ?
তিনি অবিলম্বে জাগপা চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. হেলাল, সহ প্রচার সম্পাদক আল আমিন, পঞ্চগড় সদর উপজেলা যুব জাগপার সহ সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, দিনাজপুর জেলা যুব জাগপার সাধারণ সম্পাদক আবিদ হোসেন চুন্নু, ঢাকা মোহাম্মদপুর থানা যুব জাগপা নেতা রমজান আলী ও মিরাজ হোসেনের শর্তহীন মুক্তি দাবী করেন।
একই সাথে জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মো. আনাছ (চট্টগ্রাম), রকিব উদ্দিন চৌধুরী মুন্না (দিনাজপুর), নিজামুদ্দিন অমিত (যশোর), শাহাজান আহমেদ লিটন (সিলেট), শাহরিয়ার বিপ্লব (পঞ্চগড়), রিংকু রাজীব (রাজশাহী) সহ সকল নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় শান্তির পথ রুদ্ধ হবে বলে হুশিয়ার করেন।
