‘শফিউল আলম প্রধান ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম স্থপতি’ – ব্যারিস্টার তাসমিয়া প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম স্থপতি, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা আন্দোলনের অন্যতম মহানায়ক ২০ দলীয় জোটের রূপকার। তিনি সারা জীবন আধিপত্যবাদ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে রাজপথে লড়াই করেছেন। তিনি সারাজীবন আধিপত্যবাদ বিরোধী ভূমিকায় অবতীর্ণ ছিলেন, গণতন্ত্র রক্ষার আন্দোলনে কোনদিন আপোস করেন নাই। তিনি তার জীবনে ২৭ বার কারাবরণ করেছেন। আজকের এই দুর্দিনে তাঁর মত নেতার বড়ই প্রয়োজন ছিল।

তিনি আরো বলেন, শফিউল আলম প্রধানের দেখানো পথে এবং আদর্শকে বুকে ধারণ করে ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়াকে নব্য বাকশালের কারাগার থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মুক্তি নিশ্চিত করতে হবে। তিনি আজ বুধবার বিকালে জিইউপি মিলনায়তনে শফিউল আলম প্রধানের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান স্মৃতি পরিষদের সভাপতি আবু মোজাফফর মো. আনাছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদূর রহমান খান, সহ সভাপতি রাশেদ প্রধান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাছ, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল, শ্রম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তিতাস, যুব বিষয়ক সম্পাদক আরিফুল হক তুহিন, কৃষি বিষয়ক সম্পাদক মাহবুব শরীফ বাচ্চু, সহ ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, কেন্দ্রীয় নেতা মো. শওকতউজ্জামান, যুব জাগপা’র সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, প্রধান স্মৃতি পরিষদের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী সিরাজ, শ্যামল চন্দ্র, আমির হোসেন আমু, ইব্রাহিম খলিল রাজা, নাসির উদ্দিন নিশাত, মো. মহিবউল্লাহ প্রমুখ।

এদিকে আজ সকাল ১১ টায় বনানী কবরস্থানে শফিউল আলম প্রধানের কবরে প্রধান স্মৃতি পরিষদের সভাপতি আবু মোজাফফর মো. আনাছ ও সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিনের নেতৃত্বে এবং জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাছের নেতৃত্বে জাগপা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।