যুবকদের ধ্বংস করার জন্যই দেশে জঙ্গী ও মাদকের আবিস্কার করা হয়েছে – রাশেদ প্রধান

স্বাধীন রাষ্ট্র নির্মাণের প্রধান হাতিয়ার যুবকদের হাতে মাদক দিয়ে দেশ ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করে জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন ৫২, ৬৯, ৭১, ৯০’র আন্দোলনসহ গণতান্ত্রিক সকল আন্দোলনে যুবকরাই ছিল বিজয় অর্জনের প্রধান শক্তি। তাই যুবকদের ধ্বংস করার জন্যই দেশে মাদক ও জঙ্গীর আবিস্কার করা হয়েছে। তিনি বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার প্রয়োজনে জনগণের রাস্তায় নামার সময় এসেছে। লক্ষ্য একটাই ভোটাধিকার ফেরত চাই- গণতন্ত্র ফেরত চাই, দেশে-বিদেশে কর্মসংস্থান চাই। নতুবা শীঘ্রই পতনের খেলা শুরু হবে।

তিনি বলেন, আফসোস টানা ১০ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। বেকার যুবকদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩ কোটি। দেশবাসীর জিজ্ঞাসা এত উন্নয়ন হলে যুবকদের কর্মসংস্থান হলো না কেন ? কারা যুবকদের ধ্বংস করতে চায় ? বিদেশে কর্মসংস্থান নাই কেন ? সুতরাং টার্গেট যুবকরাই নয়, টার্গেট বাংলাদেশ। তিনি আজ শনিবার সকাল ১১ টায় আসাদ গেট দলীয় কার্যালয়ে যুব জাগপা’র যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুব জাপগা’র কেন্দ্রীয় সভাপতি আরিফুল হক তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুব জাগপা’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সিরাজ, যুব জাগপা ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মো. সাগর, অর্থ সম্পাদক রিয়াজ খান, সহ প্রচার সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

এদিকে সিলেট মহানগর জাগপা’র আহ্বায়ক শাহজাহান লিটনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, শেখ জামাল উদ্দিন। নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তির দাবি জানান।