গত শুক্রবার ভোলার বোরহান উদ্দিন উপজেলার বিপ্লব চন্দ্র শুভ নামের এক হিন্দু যুবক তার নিজ ফেসবুকে মহান আল্লাহ তায়ালা ও রাসূল (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার প্রতিবাদে রোববার (২০ অক্টোবর) বোরহান উদ্দিনে আপামর তৌহিদী জনতার ব্যানারে স্থানীয় জনগণ সমাবেশ করলে, সেখানে পুলিশের গুলিতে নিহত এবং শতাধিক লোক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান।
নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে বাংলাদেশে প্রায়ই এ ধরনের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। সরকার মহান আল্লাহ ও রাসূল (সা.) কে অবমাননাকারী ব্যক্তিদের বিচার করার পরিবর্তে তাদের রক্ষা করার কাজে নিয়োজিত। ৯০ ভাগ মুসলমানের দেশের সরকার আল্লাহ ও রাসূল (সা.) কে অবমাননাকারীদের বিচার না করে প্রতিবাদী মুসলমানদেরকে গুলি করে আহত করছে এবং নিহত করছে। মহান আল্লাহ ও রাসূল (সা.) কে অবমাননাকারীদের বিচার হচ্ছেনা দেখে এধরনের ঘটনা বারবার হচ্ছে। তাই ভোলার পরিস্থিতির জন্য সরকার ও প্রশাসন দায়ী।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। এ দেশে কোন ধর্মের মানুষের অন্য ধর্মের প্রতি কটূক্তি গ্রহণযোগ্য নয়। অথচ একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা মুসলমানদের ধর্মীয় আবেগ-অনুভূতির উপর আঘাত করে সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। তাদের এ ধরনের উস্কানীমূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ এবং সচেতন হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ এ দুঃখজনক ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পুলিশের গুলিতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার-পরিজন এর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে নিহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান।
