ভোটারবিহীন সরকার পেঁয়াজের ওপর ট্যাক্স বসিয়েছে – জাগপা

বিশ দলীয় জোটের শরিক ও জাগপার কেন্দ্রীয় সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন রাষ্ট্র পরিচালনায় জালীম শাসক পুরোপুরি ব্যর্থ হয়েছে। পেঁয়াজসহ সকল দ্রব্য মূল্য জনগনের ক্রয় ক্ষমতার বাইরে। সমগ্র জাতি আজ আয়ের সাথে ব্যয় নিয়ে হতাশাগ্রস্থ। তিনি আফসোস করে বলেন কৃষিনির্ভর বাংলাদেশে আজ ২৫০ টাকা মূল্য দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে। পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট বাহীনি জুয়া খেলছে। জনগনের এখন ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নেই। ভোটারবিহীন এই সরকার পেঁয়াজ দিয়ে জনগনের ওপর ট্যাক্স বসিয়েছে। সুতরাং মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণবিপ্লবের বিকল্প নাই।

তিনি মজলুম জনগনের অবিসংবাদিত নেতা মওলানা ভাসানীর অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন “হে মহান বীর তুমি নিপীড়িত মানুষের মুক্তির প্রেরনা। তোমারী পথে জাগপার যে জন গিয়াছে চলি” ভাসানীর আদর্শ ভিত্তিক রাজনীতিই হোক জাগপার আগামীর বাংলাদেশ। তোমার প্রতি জাগপার লাল সালাম।

তিনি বলেন ভাসানীর আদর্শচ্যুতি হওয়ায় বাংলাদেশের উপর ভিনদেশি শকুনের কালো ছায়া। আজ আমাদের মানচিত্রকে ছিড়ে খাওয়ার গভীর ষড়যন্ত্র আঁকা হচ্ছে। দেশে আজ পতাকা আছে স্বাধীনতা নাই। শিল্প আছে উৎপাদ নাই। তিনি শাসকের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন আওয়ামী মন্ত্রীদের ভাষায় ভাসানী, মুজিব, জিয়া, প্রধানের বাংলাদেশ ভারতেরই অংশ! তারা বাংলার স্বাধীনতাকে নিলামে তুলতে চায়। সুতরাং আওয়ামীলীগের হাতে দেশ নিরাপদ নয়।

তিনি আজ রবিবার বিকাল সাড়ে ৪ টায় জাগপা আয়োজিত মওলানা ভাসানীর স্বরণে ” তুমি স্বাধীনতার প্রেরণা ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সহসভাপতি আবু মোজাফ্ফর মোঃ আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, যুব জাগপার কেন্দ্রীয় সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ ঢাকা মহানগর সাধারন সম্পাদক মীর আমীর হোসেন আমু প্রমূখ।