বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদসহ ১০ জনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে তাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, গণতন্ত্র হত্যাকারি সরকার দেশের রাজনৈতিক পরিবেশ ধ্বংস করে ফেলেছে। কোনো দলকেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না। সরকার ভুলে গেছে, গ্রেফতার-হামলা-মামলা করে আন্দোলনকে দমন করা যায় না। গায়ের জোরে আর জুলুম করে আজীবন ক্ষমতায় টিকে থাকা যায় না।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার আপনাদের নেই। বাংলাদেশ জামায়াতে ইসলাম কোন নিশিদ্ধ রাজনৈতিক সংগঠন নয়। একটি শান্তিপূর্ণ ঘরোয়া বৈঠক থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দের গ্রেফতারের ঘটনা বিরোধীদল ও বিরোধীমতের শক্তিকে দমনের প্রক্রিয়া। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে মুক্তি দিন।
